পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মজুমদার তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসকে বিতর্কিত ও সংগঠনবিরোধী দাবি করে পদত্যাগ করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক পারভেজ খান। সোমবার রাতে তিনি পদত্যাগ করেন।
তার নিজের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে দেয়া পদত্যাগের স্ট্যাটাসে তিনি লেখেন- আমি পারভেজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক। সাম্প্রতিককালে আমার কমিটির সভাপতি সুমন মজুমদারের ফেসবুকে দেয়া একটি আপত্তিকর এবং সংগঠনবিরোধী পোস্ট লক্ষ্য করেছি। তাই অত্র কমিটির দপ্তর সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করলাম। সেই সঙ্গে এমন পোস্ট দেয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করলাম।
পারভেজ তার ফেসবুকে অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন- ‘নাজিরপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দাবি করা সুমন মজুমদার কর্তৃক সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া নিম্নের পোস্টটি কি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের দলীয় প্রতীক এবং প্রকারান্তরে বর্তমান সরকারের বিরুদ্ধে নয় কি? আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা সুমন মজুমদারের মতো হাইব্রিড, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
জানা গেছে, সুমন মজুমদার তার নিজস্ব ফেসবুক আইডিতে গত সোমবার বিকালে
লেখেন- ‘ভাঙা নৌকা ছেঁড়া পাল এভাবে আর কত কাল’। এটি লেখার পর এর
পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের ঝড় উঠে। তবে পক্ষে মন্তব্য
ছিল খুবই কম। লেখাটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়। পরে ওই দিনই তিনি তার
ওয়াল থেকে তা মুছে ফেলেন।
Published by:MD:Jahangir Alom