দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাডুতে হিন্দু মন্দিরগুলোর নিয়ন্ত্রণ সরকার না বেসরকারি ট্রাস্ট - কাদের হাতে থাকবে, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
রাজ্য সরকারের হাত থেকে মন্দিরগুলোর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সম্প্রতি সেখানে ''ফ্রি টেম্পল'' নামে একটি আন্দোলন শুরু করেছেন ধর্মীয় নেতা জাগগি বাসুদেব, যিনি অনুগামীদের কাছে ''সদগুরু'' নামে পরিচিত।
কিন্তু রাজ্যে নবনির্বাচিত ডিএমকে সরকার এই দাবির কড়া বিরোধিতা করেছে, তামিলনাডুর নতুন অর্থমন্ত্রী এমনও অভিযোগ করছেন যে মন্দিরগুলো থেকে বাড়তি অর্থ উপার্জনের লক্ষ্যেই সেগুলোর কর্তৃত্ব দখলের চেষ্টা হচ্ছে।
কিন্তু তামিলনাডুর সমাজে এই বিতর্ক কীভাবে আর কেন সাড়া ফেলেছে?
বস্তুত ভারতে হিন্দু মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশি যে রাজ্যে, সেটি নিশ্চিতভাবেই তামিলনাডু।

রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার মন্দিরের অনেকগুলোই অত্যন্ত সম্পদশালী, তার কোনও কোনওটিতে শত শত কোটি টাকার সোনাদানা ও ভক্তদের দানের অর্থও রয়েছে।
ব্রিটিশ আমলে পাস হওয়া একটি আইনের সূত্র ধরে এই মন্দিরগুলোর প্রায় সবই নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার, যে আইনটির আধুনিক সংস্করণের নাম ''হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্টস অ্যাক্ট''।
কিন্তু এই আইন বাতিল করে হিন্দু মন্দিরগুলো ''মুক্ত'' করার লক্ষ্যে দুতিনমাস আগে একটি অভিযান শুরু করেছেন আধ্যাত্মিক গুরু ও ইশা ফাউন্ডেশনের কর্ণধার জাগগি বাসুদেব তথা সদগুরু।
তিনি বলছেন, "ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মন্দিরগুলোর ধনসম্পত্তির লোভে যে দখল নিয়েছিল, সেই দস্যুবৃত্তি দুর্ভাগ্যবশত আজও অব্যাহত।
"মনে রাখতে হবে, আগে আমাদের মন্দিরগুলো তৈরি হয়েছে - তারপর তাকে ঘিরে নগর, যে জন্য আমরা বলি 'টেম্পল টাউন'।"
Published by:MD:Jahangir Alom